ইংলণ্ডদেশে লেনার্ড নামে এক বালক ছিল। সে অতি দুঃখীর সন্তান। তাহার পিতা অতি কষ্টে সংসারযাত্রা সম্পন্ন করিতেন। দুর্ভাগ্যক্রমে, দ্বাদশ বর্ষ বয়ক্রমে লেনার্ডের পিতৃবিয়োগ হয়। তাহার জননীর এরূপ পরিশ্রমশক্তি ছিল না যে, তিনি আপনার ও পুত্ত্রের ভরণপোষণের উপযুক্ত অর্থের উপার্জ্জন করেন। লেনার্ড প্রতিজ্ঞা করিল, অন্য কাহারও গলগ্রহ হইব না; এবং ভিক্ষা প্রভৃতি নীচ বৃত্তি দ্বারাও জীবিকানির্ব্বাহের চেষ্টা করিব না; যে রূপে পারি, পরিশ্রম দ্বারা আপনার ও জননীর ভরণপোষণ সম্পন্ন করিব।
এইরূপ সঙ্কল্প করিয়া, লেনার্ড মনে মনে এই বিবেচনা করিতে লাগিল, আমি একপ্রকার লিখিতে ও পড়িতে শিখিয়াছি; যদি আমি সচ্চরিত্র ও পরিশ্রমী হই, কেনই বা আমি জীবিকানির্ব্বাহের উপযোগী অর্থোপার্জ্জনে সমর্থ হইব না? এই স্থির করিয়া জননীর অনুমতি গ্রহণ পূর্ব্বক সে এক সন্নিহিত নগরে উপস্থিত হইল। ঐ নগরে তাহার পিতার এক বন্ধু ছিলেন, তাঁহার নাম বেন্সন্। তিনি বিলক্ষণ সঙ্গতিপন্ন ছিলেন, এবং বাণিজ্য করিতেন; লেনার্ড তাঁহার নিকটে উপস্থিত হইয়া আপন অবস্থা জানাইল; এবং নিতান্ত কাতর ও বিনীত ভাবে প্রার্থনা করিল, আপনি কৃপা করিয়া আমায় আপনার আশ্রয়ে রাখুন; এবং আমাদ্বারা সম্পন্ন হইতে পারে, এরূপ কোনও কর্ম্মের ভার দিউন। আমি অঙ্গীকার করিতেছি, প্রাণপণে পরিশ্রম করিয়া কার্য্য সম্পাদন করিব; প্রাণান্তেও অধর্ম্মাচরণে প্রবৃত্ত হইব না।
দৈবযোগে ঐ সময়ে বেন্সনের একটী সহকারী নিযুক্ত করিবার প্রয়োজন ছিল। এক অপরিচিত ব্যক্তিকে নিযুক্ত করা অপেক্ষা, বন্ধুপুত্ত্র লেনার্ডকে নিযুক্ত করা পরামর্শসিদ্ধ বিবেচনা করিয়া, তিনি আহ্লাদ পূর্ব্বক তাহাকে নিযুক্ত করিলেন। লেনার্ড, স্বভাবতঃ অতি সুশীল, সচ্চরিত্র, পরিশ্রমী ও ন্যায়পরায়ণ; কর্ম্মে নিযুক্ত হইয়া, যৎপরোনাস্তি আহ্লাদিত হইল, এবং সৎপথে থাকিয়া যথোচিত যত্ন ও পরিশ্রম সহকারে, সুন্দররূপে কার্য্য নির্ব্বাহ করিতে লাগিল। যদি দৈবাৎ কখনও আবশ্যক কর্ম্ম করিতে বিস্মৃত হইত, অথবা ভ্রান্তিক্রমে কোনও কর্ম্ম প্রকৃতরূপে সম্পন্ন করিতে না পারিত, সে তৎক্ষণাৎ আপনার দোষ স্বীকার করিত এবং যথাশক্তি সেই দোষের সংশোধনে যত্নবান্ হইত।
লেনার্ডের সুশীলতা, সচ্চরিত্রতা ও শ্রমশীলতা দর্শনে, বেন্সন্ তাহার প্রতি সাতিশয় সন্তুষ্ট হইতে লাগিলেন; এবং ক্রমে ক্রমে তাহার উপর সম্পূর্ণ বিশ্বাস করিতে ও তাহার হস্তে সকল বিষয়ের ভার দিতে আরম্ভ করিলেন। এইরূপে অল্প দিনের মধ্যে সে বিষয়কর্ম্মে নিপুণ এবং স্বীয় প্রভুর প্রিয়পাত্র ও বিশ্বাসভাজন হইয়া উঠিল।
বেন্সনের স্ত্রী পুত্র আদি পরিবার ছিল না। তিনি একটী স্ত্রীলোকের হস্তে, সাংসারিক সমস্ত বিষয়ের ভার দিয়া রাখিয়াছিলেন; স্বয়ং কখনও কোনও বিষয়ে দৃষ্টিপাত বা কোনও বিষয়ের তত্ত্বাবধান করিতেন না। ঐ স্ত্রীলোকের ধর্ম্মজ্ঞান ছিল না; সুতরাং সে সুযোগ পাইলেই অপহরণ করিত। এক্ষণে লেনার্ডের উপর প্রভুর সম্পূর্ণ বিশ্বাস ও সকল বিষয়ে তত্ত্বাবধানের ভার দেখিয়া, সে বিবেচনা করিল, এই বালক এখানে বিদ্যমান থাকিলে আমার লাভের পথ একেবারে রুদ্ধ হইয়া যাইবে; এবং হয় ত, অবশেষে অপদস্থ ও অবমানিত হইয়া, এস্থান হইতে প্রস্থান করিতে হইবে। অতএব কৌশল করিয়া ইহাকে এখান হইতে বহিষ্কৃত করা আবশ্যক; তাহা না হইলে আমার পক্ষে ভদ্রস্থতা নাই।
এই সিদ্ধান্ত করিয়া সেই স্ত্রীলোক অবসর বুঝিয়া, একদিন বেন্সনের নিকট কৌশল করিয়া বলিতে লাগিল, মহাশয়, আপনি অতি সদাশয়, সকলকেই সজ্জন ভাবেন। আপনি এই বালকের উপর অধিক বিশ্বাস করিবেন না। আপনি উহাকে যত সুশীল ও সচ্চরিত্র মনে করেন, ও সেরূপ নহে। অগ্রে সাবধান না হইলে, অবশেষে উহার দ্বারা আপনার অনেক অনিষ্ট ঘটিবে। আমার মনে সন্দেহ হওয়াতে, উহার দিকে দৃষ্টি রাখিয়া আমি যত দূর জানিতে পারিয়াছি, তাহাতে উহার উপর সম্পূর্ণ বিশ্বাস করা, কোনও ক্রমে বিবেচনাসিদ্ধ নহে। আমি বহুকাল আপনার আশ্রয়ে থাকিয়া, প্রতিপালিত হইতেছি। আপনার অনিষ্ট ঘটিবার সম্ভাবনা দেখিয়া সতর্ক না করিলে, আমার অধর্ম্ম হইবে। এজন্য আমি অনেক বিবেচনা করিয়া, আপনাকে এ বিষয় জানাইলাম।
এই স্ত্রীলোকের উপর বেন্সনের বিলক্ষণ বিশ্বাস ছিল, কিন্তু লেনার্ড যে অতিশয় সুশীল ও সচ্চরিত্র, সে বিষয়েও তাঁহার অণুমাত্র সংশয় ছিল না। এজন্য তিনি, সেই স্ত্রীলোকের কথায় সহসা বিশ্বাস না করিয়া বিবেচনা করিলেন, এই বালক যে অধর্ম্মপথে পদার্পণ করিবে, কোনও ক্রমে আমার এরূপ প্রতীতি হয় না। কিন্তু অত্যন্ত অধার্ম্মিকেরাও সহজে আপন অভীষ্ট সিদ্ধ করিবার অভিপ্রায়ে, সম্পূর্ণ ধার্ম্মিকের ভাণ করিয়া থাকে। অতএব, এই স্ত্রীলোকের কথায় একেবারেই উপেক্ষা করিয়া নিশ্চিন্ত থাকা বিধেয় নহে। আমি কৌশল করিয়া এই বালকের চরিত্র পরীক্ষা করিব।
মনে মনে এইরূপ স্থির করিয়া, বেন্সন্ এক দিন লেনার্ডকে বলিলেন, আমার এই এই বস্তুর অতিশয় প্রয়োজন হইয়াছে; যে মূল্যে হয়, সত্বর কিনিয়া আন। এই বলিয়া, যত আবশ্যক তাহা অপেক্ষা অধিক টাকা তাহার হস্তে দিয়া, তিনি তাহাকে আপণে পাঠাইয়া দিলেন। লেনার্ড ঐ সমস্ত জিনিস কিনিয়া, অনতিবিলম্বে প্রত্যাগমন করিল; এবং, ক্রীত বস্তু সকল প্রভুর সম্মুখে রাখিয়া, মল্যাবশিষ্ট টাকা তাঁহার হস্তে দিল। লেনার্ড এ বিষয়ে এক কপর্দ্দকও আত্মসাৎ করে নাই ইহা স্পষ্ট বুঝিতে পারিয়া, তিনি অপরিসীম হর্ষ প্রাপ্ত হইলেন; এবং ঐ স্ত্রীলোক যে কেবল বিদ্বেষ বশতঃ, তাহার গ্লানি করিয়াছিল, তাহা বিলক্ষণ বুঝিতে পারিলেন।
একদিন বেন্সন্ অনবধানতা বশতঃ কার্য্যালয়ে কতকগুলি মোহর ফেলিয়া গিয়াছিলেন। লেনার্ড সেই গৃহে প্রবিষ্ট হইয়া দেখিল, মোহর পড়িয়া আছে। সেই সময়ে ঐ স্ত্রীলোকও সেই স্থানে উপস্থিত হইল। সে লোভে আক্রান্ত হইয়া, অথবা লেনার্ডকে অপদস্থ করিবার অভিসন্ধি করিয়া, তাহার নিকট প্রস্তাব করিল, আইস, আমরা উভয়ে এই মোহরগুলি ভাগ করিয়া লই। লেনার্ড শ্রবণমাত্র তাদৃশ ঘৃণিত প্রস্তাবে আন্তরিক অশ্রদ্ধাপ্রদর্শন করিয়া বলিল, আমি এ মোহর প্রভুর হস্তে দিব; ইহা তাঁহার সম্পত্তি; পরস্বহরণ অতি গর্হিত কর্ম্ম। বিশেষতঃ, তিনি আমার উপর সম্পূর্ণ বিশ্বাস করিয়া থাকেন; এমন স্থলে, এ মোহর আত্মসাৎ করিলে, আমায় বিশ্বাসঘাতক হইতে হইবে; অতএব আমি কোনও ক্রমে তোমার প্রস্তাবে সম্মত হইব না।
এই বলিয়া মোহর লইয়া লেনার্ড, বেন্সনের নিকট উপস্থিত হইল, এবং অমুক স্থানে এই মোহরগুলি পড়িয়াছিল, এই বলিয়া তাঁহার হস্তে দিল। বেন্সন্ লেনার্ডের ঈদৃশ অবিচলিত ন্যায়পরায়ণতা দর্শনে নিরতিশয় প্রীতি প্রাপ্ত হইয়া, তাহাকে তৎক্ষণাৎ বিলক্ষণ পুরস্কার দিলেন। ক্রমে ক্রমে এই বালকের উপর তাঁহার এরূপ স্নেহ জন্মিল যে, পরিশেষে তিনি তাহাকে পুত্ত্রবৎ পরিগৃহীত করিয়া, স্বীয় সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী করিলেন।
সম্পূর্ণ