আমেরিকার অন্তঃপাতী নিউইয়র্ক প্রদেশে এক অতি নিঃস্ব পরিবার ছিলেন। স্ত্রী পুরুষ উভয়েই, বহুদিন অবধি অকর্ম্মণ্য ও পরিশ্রমে অক্ষম হইয়াছিলেন; এজন্য তাঁহাদের স্বয়ং কিছু উপার্জ্জন করিবার ক্ষমতা ছিল না। তাঁহাদের একমাত্র কন্যা, সে পরিশ্রম করিয়া যৎকিঞ্চিৎ যাহা পাইত, তদ্দ্বারা কথঞ্চিৎ তাঁহাদের ভরণপোষণ সম্পন্ন হইত। দুর্ভাগ্যক্রমে, ১৭৮৩ খৃষ্টাব্দে শীতকালে ঐ প্রদেশে দুর্ভিক্ষ উপস্থিত হওয়াতে, দিনান্তেও তাঁহাদের আহার পাওয়া দুর্ঘট হইয়া উঠিল। ফলতঃ, এই সময়ে শীতে ও অনাহারে, তাঁহারা যৎপরোনাস্তি কষ্ট পাইতে লাগিলেন।
পিতামাতার দুরবস্থা দেখিয়া এবং প্রাণপণে চেষ্টা ও পরিশ্রম করিয়াও, তাঁহাদের আহারাদি সংগ্রহে অসমর্থ হইয়া, কন্যা অতিশয় দুঃখিত ও শোকাভিভূত হইল; এবং কি উপায়ে তাঁহাদের কষ্ট নিবারণ হয়, অহোরাত্র এইমাত্র চিন্তা করিতে লাগিল।
একদিন কথাপ্রসঙ্গে কোন ব্যক্তি বলিল, অমুক ডাক্তার ঘোষণা করিয়া দিয়াছেন, যদি কেহ আপন সম্মূখের দন্ত দেয়, তাহা হইলে তিনি, তিন গিনি[১] করিয়া, প্রত্যেক দন্তের মূল্য দিবেন; কিন্তু ডাক্তার স্বয়ং সেই ব্যক্তির মুখ হইতে দন্ত তুলিয়া লইবেন।
এই ঘোষণার কথা শুনিয়া, কন্যা মনে মনে বিবেচনা করিতে লাগিল, আমি নানা চেষ্টা দেখিতেছি, এবং অনেকপ্রকার কষ্টভোগও করিতেছি, তথাপি পর্য্যাপ্ত পরিমাণে, পিতামাতার আহার সংগ্রহ করিতে পারিতেছি না। এক্ষণে, এই এক সহজ উপায় উপস্থিত। এই উপায় অবলম্বন করিলে কিছু দিনের নিমিত্ত তাঁহাদের দুঃখ দূর হইবে। অতএব আমি অবিলম্বে ডাক্তারের নিকট গিয়া, সম্মুখের কয়টি দন্ত দিয়া, গিনি আনি।
মনে মনে এই আলোচনা করিয়া, কন্যা ডাক্তারের নিকট উপস্থিত হইল; এবং বলিল, মহাশয়, আপনি যে ঘোষণা করিয়াছেন, তদনুসারে আমি আপনার নিকট দন্ত বিক্রয় করিতে আসিয়াছি; যে কয়টির প্রয়োজন হয়, তুলিয়া লইয়া, আমাকে অঙ্গীকৃত মূল্য দিন।
ডাক্তার স্থির করিয়া রাখিয়াছিলেন, কেহই তাঁহার ঘোষণা অনুসারে, দন্ত বিক্রয় করিতে আসিবে না। এক্ষণে, এই কন্যাকে দন্তবিক্রয়ে উদ্যত দেখিয়া, চমৎকৃত হইয়া জিজ্ঞাসা করিলেন, অয়ি বালিকে, তুমি কি কারণে ঈদৃশ ক্লেশকর বিষয়ে সম্মত হইতেছ? কাঁচা দাঁত তুলিয়া লইলে কত কষ্ট হয়, তাহা তোমার বোধ নাই; বিশেষতঃ চিরদিনের জন্য, অতিশয় কদাকার হইয়া যাইবে। তুমি বালিকা, এরূপে দন্ত বিক্রয় করিয়া টাকা লইবার প্রয়োজন কি, বুঝিতে পারিতেছি না।
কি কারণে দন্ত বিক্রয় করিয়া টাকা লইতে আসিয়াছে, কন্যা সজলনয়নে সবিশেষ সমস্ত ডাক্তারের গোচর করিল। ডাক্তার অতিশয় দয়ালু ও সদ্বিবেচক ছিলেন। তিনি তদীয় পিতৃভক্তি ও মাতৃভক্তির ঐকান্তিকতা দর্শনে মুগ্ধ হইলেন ও কিয়ৎক্ষণ স্তব্ধ হইয়া রহিলেন; অনন্তর তাহার মুখ নিরীক্ষণ করিয়া, অশ্রুপূর্ণলোচনে সস্নেহবচনে বলিলেন, বৎসে, তোমার মত গুণবতী বালিকা ভূমণ্ডলে আর আছে, আমার এরূপ বোধ হয় না। আমি তোমার দন্ত চাহি না। যদি আমি তোমার মত গুণবতী বালিকাকে কষ্ট দি ও কদাকার করি, তাহা হইলে আমার মত নরাধম আর কেহ নাই। তোমার অসাধারণ গুণের যৎকিঞ্চিৎ পুরস্কারস্বরূপ, আমি তোমায় দশটি গিনি দিতেছি, লইয়া গৃহে যাও; এবং নিশ্চিন্ত হইয়া পিতা মাতার সেবা কর।
এই বলিয়া, দয়ালু ডাক্তার, সেই কন্যার হস্তে দশটি গিনি সমৰ্পণ করিলেন। কন্যা আহ্লাদে পুলকিত হইল। তাহার নয়নদ্বয় হইতে প্রভূত আনন্দাশ্রু বিনির্গত হইতে লাগিল। অনন্তর সে ভক্তিপূর্ণ চিত্তে প্রণাম করিয়া, তাঁহার অনুমতি লইয়া গৃহে প্রতিগমন করিল।[২]
টিকা ও মন্তব্য
- ১.↑ইংলণ্ড প্রভৃতি দেশে প্রচলিত স্বর্ণমূ্দ্রা, মূল্য তৎকালে ১৫৲টাকা ছিল।
- ২.↑কোন কোন সংস্করণে নাম ‘অদ্ভুত পিতৃভক্তি’ থাকলেও প্রামাণ্য সংস্করণগুলোতে আখ্যানটির নাম ‘পিতৃভক্তি’; যেহেতু এই নামে একই খণ্ডে আরেকটি আখ্যান আছে, তাই আমরা ‘ পিতৃমাতৃভক্তি’ নামটি গ্রহণ করেছি; অবশ্য আখ্যানটিতে পিতামাতা দুইজনের প্রতি ভক্তি প্রদর্শিত হয়েছে, তাই নতুন নামটিও বর্জন করা চলে না।—সম্পাদক।