পারী নগরে, হেনো নামে এক বিধবা নারী থাকিতেন। তিনি নস্যবিক্রয় ব্যবসায় দ্বারা, বহুকাল পর্য্যন্ত স্বচ্ছন্দে দিনপাত করিয়াছিলেন; কিন্তু বায়াত্তর বৎসর বয়সে, অতিশয় নিঃস্ব ও নিতান্ত নিরুপায় হইয়া পড়িলেন। যে গৃহে তাঁহার বিপণি ছিল, তাহার ভাটকদানে অসমর্থ হওয়াতে, তাঁহাকে ঐ গৃহ পরিত্যাগ করিতে হইল। এক্ষণে তাঁহার আর দাঁড়াইবার স্থান রহিল না। তাঁহার দুই পুত্ত্র বিলক্ষণ সঙ্গতিপন্ন ছিলেন; এই দুঃসময়ে তাঁহারা তাঁহার কিছুমাত্র আনুকূল্য করিলেন না।
মারগারে দেমূলাঁ নামে তাঁহার এক পরিচারিকা ছিল। সে তেইশ বৎসর তাঁহার নিকটে কর্ম্ম করে। এক্ষণে স্বামিনীর দুরবস্থা দেখিয়া, তাহার অত্যন্ত দয়া উপস্থিত হইল। সে, দয়া করিয়া আনুকূল্য না করিলে, নিঃসন্দেহ অনাহারে তাঁহার প্রাণবিয়োগ ঘটিত।
দেমূলাঁ, প্রথমতঃ, এক প্রতিবেশীর নিকটে উপস্থিত হইল; এবং সাতিশয় বিনয়পূর্ব্বক নিতান্ত কাতর বাক্যে প্রার্থনা করিল, আপনি অনুগ্রহ করিয়া, আপন বিপণির এক পার্শ্বে, আমার স্বামিনীকে একটু স্থান দেন। তিনি সম্মত হইলে, হেনোকে সেই স্থানে লইয়া গেল। তথায় তিনি পূর্ব্ববৎ নস্যবিক্রয় করিতে লাগিলেন। তাহাতে যে লাভ হইতে লাগিল, তদ্দ্বারা তাঁহার ব্যয়নির্ব্বাহ হওয়া কঠিন দেখিয়া, দেমূলাঁ তাঁহার আনুকূল্যের নিমিত্ত, সূচীকর্ম্ম প্রভৃতি দ্বারা কিছু কিছু উপার্জ্জন করিতে লাগিল।
প্রতিবেশীরা দেমূলাঁকে সুশীলা, দয়াশীলা ও সচ্চরিত্রা বলিয়া জানিত, এজন্য অনেকেই তাহাকে নিযুক্ত করিবার নিমিত্ত ব্যগ্র হইত। কিন্তু, এমন দুঃসময়ে আমি ইহাকে ছাড়িয়া অন্যত্র যাইতে পারিব না; আমি চলিয়া গেলে, ইহার কষ্টের সীমা থাকিবে না; ইনি যতদিন জীবিত থাকিবেন, আমি কুত্রাপি যাইব না; এই বলিয়া সে কাহারও প্রস্তাবে সম্মত হইল না।
এইরূপে, নিরুপায় হেনো যতদিন জীবিত রহিলেন, দেমূলাঁ সাধ্যানুসারে তাঁহার পরিচর্য্যা ও প্রাণরক্ষা করিল। কিন্তু, সে তাঁহার কতদূর পর্য্যন্ত উপকার করিতেছে, তিনি তাহা বুঝিতে পারিতেন না। দেমূলাঁর নিকট কৃতজ্ঞতাপ্রদর্শন দূরে থাকুক, তিনি অকারণে কুপিত হইয়া, সতত তাহাকে প্রহার ও তিরস্কার করিতেন; দেমূলাঁ তাহাতেও রুষ্ট বা অসন্তুষ্ট হইত না। বিশেষতঃ, সে তাঁহার নিকটে যে তেইশ বৎসর কর্ম্ম করিয়াছিল, তাহার পনর বৎসরের বেতন পায় নাই। ইহাকেই নিঃস্বার্থ পরোপকার বলে। ফলতঃ দেমূলাঁর আচরণ, দয়া, ভদ্রতা ও প্রভুভক্তির অদ্ভুত দৃষ্টান্ত।
পারিস নগরে ফ্রেঞ্চ একাডেমি নামে এক প্রসিদ্ধ সমাজ আছে। সৎকর্ম্মে লোকের উৎসাহ বর্দ্ধনের নিমিত্ত, সমাজের অধ্যক্ষেরা, প্রতিবৎসর এক এক পারিতোষিকের ব্যবস্থা করিয়াছেন। তাঁহাদের বিবেচনায়, যে ব্যক্তি সর্বাপেক্ষা প্রশংসনীয় সৎকর্ম্ম করে, সে ঐ পুরস্কার পায়। দেমূলাঁর আচরণ পরিচয় পাইয়া, তাঁহারা এত প্রীত হইলেন যে, সে ঐ বৎসরের পুরস্কারের সর্বাপেক্ষা অধিক যোগ্য, ইহা স্থির করিয়া, তাহাকেই ঐ পারিতোষিক প্রদান করিলেন।