আখ্যানমঞ্জরী

প্রথম ভাগ

মাতৃবৎসলতা

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

রোম্ নগরের কোনও সৎকুলপ্রসূতা নারী উৎকট অপরাধ করাতে, বিচারকর্ত্তারা প্রাণদণ্ডের আজ্ঞা দিয়া, তাঁহাকে কারাগারে অবরুদ্ধ করেন; এবং কারাধ্যক্ষকে এই আদেশ দেন, অমুক দিনে, অমুক সময়ে, অমুক স্থানে লইয়া গিয়া, এই স্ত্রীলোকের প্রাণদণ্ড করিবে। সহসা তাঁহাদের আদেশ অনুযায়ী কর্ম্ম সমাধা না করিয়া, কারাধ্যক্ষ বিবেচনা করিলেন, সর্ব্বসাধারণ সমক্ষে বধস্থানে লইয়া গিয়া, এরূপ সদ্বংশসম্ভূতা নারীর প্রণদণ্ড করিলে, ইহার আত্মীয়বর্গের মস্তক অবনত হইবে। তদপেক্ষা উত্তম কল্প এই, আহার বন্ধ করিয়া রাখি, তাহা হইলে অল্প দিনের মধ্যে অনাহারে ইঁহার প্রাণত্যাগ ঘটিবে। মনে মনে এই সিদ্ধান্ত করিয়া তিনি, ঐ স্ত্রীলোককে, অনাহারে রাখিয়া দিলেন।

অবরোধের পরদিন, তাঁহার কন্যা, কারাধ্যক্ষের নিকট গিয়া, জননীকে দেখিতে যাইবার অনুমতি প্রার্থনা করিল। তিনি সবিশেষ পরীক্ষা দ্বারা তাহার সঙ্গে কোনও প্রকার আহারসামগ্রী নাই দেখিয়া, তাহাকে কারাগৃহে প্রবেশ করিতে অনুমতি দিলেন। কন্যা তদবধি প্রত্যহ মাতৃসমীপে যাতায়াত করিতে লাগিল।

কতিপয় দিবস অতীত হইলে, কারাধ্যক্ষ বিবেচনা করিতে লাগিলেন, এই কন্যা অদ্যাপি ইহার জননীকে দেখিতে আইসে, ইহার কারণ কি। তিনি অনাহারে কখনই এত দিন বাঁচিতে পারেন না। কিন্তু তাঁহার মৃত্যু হইলেই বা এ প্রত্যহ তাঁহাকে দেখিতে আসিবে কেন। যাহা হউক, ইহার তথ্যানুসন্ধান করা আবশ্যক। এই স্থির করিয়া, কারাধ্যক্ষ, সেই স্ত্রীলোক কোনও রূপে কিছু আহার পান কি না, ইহার পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করিলেন; কিন্তু তাঁহার আহার প্রাইবার কোনও সম্ভাবনা দেখিতে পাইলেন না। তখন, বোধ হয়, এই কন্যা স্বীয় জননীর নিমিত্ত কোনও প্রকার আহার লইয়া যায়, এইরূপ সন্দিহান হইয়া, তিনি স্থির করিয়া রাখিলেন, অদ্য যে সময়ে সে আপন জননীর নিকটে যাইবে, প্রচ্ছন্নভাবে অবস্থিত হইয়া, সমুদয় অবগত হইবেন।

নির্দ্ধারিত সময় উপস্থিত হইল। কন্যা, যথানিয়মে কারাধ্যক্ষের অনুমতি লইয়া, জননীর সন্নিধানে গমন করিল। কিঞ্চিৎ পরে কারাধ্যক্ষ, প্রচ্ছন্নভাবে অবস্থিত হইয়া, অবলোকন করিলেন, কন্যা, জননীকে স্তন্য পান করাইতেছে। তিনি তদীয় মাতৃস্নেহের এতাদৃশী ঐকান্তিকতা দর্শনে সাতিশয় চমৎকৃত হইয়া, মনে মনে তাহাকে শত শত সাধুবাদ প্রদান করিলেন; এবং কারাবরুদ্ধা কামিনী কিরূপে অনাহারে এত দিন প্রাণধারণ করিয়া আছেন, তাহা বিলক্ষণ বুঝিতে পারিলেন। অনন্তর তিনি, এই অদৃষ্টচর অশ্রুতপূর্ব্ব ঘটনার সবিশেষ বিবরণ বিচারকর্ত্তাদের গোচর করিলে, তাঁহারা কন্যার মাতৃভক্তি ও বুদ্ধিকৌশলের যথেষ্ট প্রশংসা করিলেন; এবং নিরতিশয় প্রীত ও চমৎকৃত হইয়া, কারাবরুদ্ধা কামিনীর অপরাধ মার্জ্জনা করিলেন। ঐ কামিনী কেবল কারামুক্ত হইলেন, এরূপ নহে, কন্যার মাতৃভক্তির পুরস্কারস্বরূপ যাবজ্জীবন তাঁহাদের দৈনন্দিন ব্যয়নির্ব্বাহের জন্য সাধারণ ধনাগার হইতে, মাসিক বৃত্তি নির্দ্ধারিত হইল। বিচারকর্ত্তারা এই পর্য্যন্ত করিয়াই ক্ষান্ত রহিলেন না। যে স্থানে এই অলৌকিক ব্যাপার ঘটিয়াছিল, সর্ব্বসাধারণের প্রতি মাতৃভক্তির উপদেশস্বরূপ তথায় তাঁহারা এক অপূর্ব্ব মন্দির নির্ম্মিত করাইয়া দিলেন।