একদিন অপরাহ্ণ সময়ে ইংলণ্ডের অধীশ্বর তৃতীয় জর্জ্জ, একাকী পদব্রজে ভ্রমণ করিতেছিলেন। সেই সময়ে, দুই দীন বালক সহসা তাঁহার সম্মুখে উপস্থিত হইল। তাহারা তাঁহাকে রাজ্যেশ্বর বলিয়া জানিত না; সামান্য ধনবান্ মনুষ্য স্থির করিয়া, তাঁহার সম্মুখে জানু পাতিয়া উপবিষ্ট হইল; এবং মহাশয়, আমাদের অত্যন্ত ক্ষুধা হইয়াছে, সমস্ত দিন আহার পাই নাই; দয়া করিয়া, আমাদিগকে কিছু দেন। এই বলিতে বলিতে তাহাদের গণ্ডস্থল বহিয়া অশ্রুধারা পরিস্রুত হইতে লাগিল; কণ্ঠরোধ হওয়াতে, তাহারা আর অধিক বলিতে পারিল না।
এই ব্যাপার দর্শনে, জর্জ্জের অন্তঃকরণে করুণা সঞ্চার হইল। তখন তিনি, তাহাদের হস্ত ধরিয়া ভূমি হইতে উঠাইলেন; এবং আশ্বাসপ্রদান পূর্ব্বক তাহাদের অবস্থার বিষয়ে সবিশেষ সমস্ত জানাইবার নিমিত্ত অনুরোধ করিতে লাগিলেন। এইরূপে আশ্বাসিত হইয়া, তাহারা বলিল, মহাশয়, আমরা অত্যন্ত দীন। কিছু দিন হইল, আমাদের জননী পীড়িত হইয়াছিলেন; পথ্য ও ঔষধ না পাইয়া আজ তিন দিন হইল প্রাণত্যাগ করিয়াছেন; তিনি মৃত হইয়া পতিত আছেন; অর্থাভাবে এ পর্য্যন্ত তাঁহার অন্ত্যেষ্টিক্রিয়া হয় নাই। আমাদের পিতা আছেন; তিনিও অতিশয় পীড়িত হইয়া, আমাদের মৃত জননীর পার্শ্বে পড়িয়া আছেন; অর্থাভাবে তাঁহারও চিকিৎসা হইতেছে না। যেরূপ অবস্থা, তাহাতে তিনিও ত্বরায় প্রাণত্যাগ করিবেন, সন্দেহ নাই। এই বলিতে বলিতে, তাহাদের নয়নযুগল হইতে প্রবলবেগে বাষ্পবারি বিগলিত হইতে লাগিল।
ঐ দীন পরিবারের দুরবস্থার বিবরণ শুনিয়া, ইংলণ্ডেশ্বর শোকার্ত্ত ও দয়ার্দ্র হইলেন; এবং বলিলেন, তোমরা বাটীতে চল, আমি তোমাদের সঙ্গে যাইতেছি। কিয়ৎক্ষণের মধ্যেই তিনি তাহাদের আলয়ে উপস্থিত হইলেন; তাহাদের বর্ণিত বৃত্তান্ত স্বচক্ষে প্রত্যক্ষ করিয়া, সাতিশয় শোকাকুল হইয়া, অশ্রুবিমোচন করিতে লাগিলেন; তাঁহার সঙ্গে যাহা ছিল, তৎক্ষণাৎ সেই বালকদিগের হস্তে দিলেন; সত্বর স্বীয় প্রাসাদে প্রতিগমন করিয়া, রাজমহিষীকে সবিশেষ সমস্ত অবগত করিলেন; এবং অবিলম্বে সেই বিপদাপন্ন দীন পরিবারের নিমিত্ত প্রভূত আহারসামগ্রী, শীতবস্ত্র, পরিধেয় বসন প্রভৃতি যাবতীয় আবশ্যক বস্তু পাঠাইলেন; আর তাহাদের পীড়িত পিতার চিকিৎসার নিমিত্ত, একজন উত্তম ডাক্তার নিযুক্ত করিয়া দিলেন।
এইরূপে রাজকীয় সাহায্য পাইয়া, সে ব্যক্তি ত্বরায় সুস্থ হইয়া উঠিল। ইংলণ্ডেশ্বর সেই নিরাশ্রয় পরিবারের উপর এত সদয় হইয়াছিলেন যে, তাহাদের উপস্থিত বিপদের নিবারণ করিয়াই ক্ষান্ত রহিলেন না; তাহাদের অনায়াসে ভরণপোষণ নির্ব্বাহের, এবং সেই দুই বালকের উত্তমরূপ বিদ্যাশিক্ষায় বিশিষ্টরূপ ব্যবস্থা করিয়া দিলেন।