গ্রন্থপরিচয়টি মূল গ্রন্থের অংশ নয়; ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রন্থপরিচয়, প্রকাশনা-ইতিহাস ও মূল গ্রন্থের বিষয়বস্তুর আলোকে লিখিত।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংকলিত ‘আখ্যানমঞ্জরী’ বাংলা সাহিত্যের নীতিশিক্ষামূলক আখ্যানসংকলনের একটি উল্লেখযোগ্য গ্রন্থ। তিনটি ভাগে বিন্যস্ত এই গ্রন্থে দেশ-বিদেশের বিচিত্র ঘটনা, ব্যক্তিচরিত্র ও মানবিক গুণাবলির দৃষ্টান্তের মধ্য দিয়ে নৈতিকতা, কর্তব্যবোধ, পরোপকারিতা, ন্যায়পরতা এবং মানবিক মূল্যবোধের শিক্ষা তুলে ধরা হয়েছে।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (১৮২০-১৮৯১) অন্যান্য শিশু-কিশোর রচনার মত তিন খণ্ডে রচিত আখ্যানমঞ্জরী আমাদের এই সময়ের ছোট ছেলেমেয়েদের জন্য অবশ্যপাঠ্য বই। বিদ্যাসাগর বইয়ের ভূমিকায় বলেছেন, ‘যদি আখ্যানগুলো বালকদিগের ভাষাজ্ঞান ও আনুষঙ্গিক নীতিজ্ঞান বিষয়ে কিঞ্চিৎ অংশেও ফলোপদায়ক হয়, তাহা হইলে শ্রম সফল বোধ করিব।’
শুধু আনন্দ দান করা যেন আজকালকার শিশু-কিশোর পাঠ্যবইগুলোর প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। সাহিত্য পাঠ করে আনন্দ লাভ করা অবশ্যই জরুরি। কিন্তু একই সঙ্গে শিশু-কিশোরদের নৈতিক চরিত্র গঠনও খুবই জরুরি। এটাও পড়তে পড়তেই হয়। শিশু-কিশোরদের তুলনা করা হয় নরম কাদামাটির সঙ্গে। কুমোর যেমন নরম কাদামাটি দিয়ে বাঁকিয়ে-ঘুরিয়ে বিচিত্র প্রয়োজনীয় তৈজসপত্র বানিয়ে তোলেন, তেমনি নৈতিক চরিত্র গঠনের উপযোগী গল্পকাহিনী পড়ে শিশু-কিশোররা সেইমত তৈরি হয়। আখ্যানমঞ্জরীর মত বইয়ের গুরুত্ব এখানেই।
বিদ্যাসাগরের অন্য আরও গ্রন্থের মত আখ্যানমঞ্জরীও বিদ্যাসাগরের কোন মৌলিক গ্রন্থ নয়। এটি ইংরেজি বই অবলম্বনে রচিত। তাঁর এই গ্রন্থটিও শিশুপাঠ্য—অর্থাৎ পাঠ্যপুস্তক হিসাবে রচিত। তাই, বইটি যেন একের ভেতরে দুই। প্রথম দুই ভাগ বা খণ্ড বয়সে কিছুটা ছোটদের জন্য। এখানে গল্পচ্ছলে সরস ভাষায় নৈতিক চরিত্র গঠনের জন্য নীতি উপদেশ দেওয়া হয়েছে। কয়েকটি আখ্যান বা কাহিনীর শিরোনাম দেখলেই বোঝা যায়, ‘মাতৃভক্তি’, ‘পিতৃভক্তি’, ভ্রাতৃস্নেহ’, ‘লোভসংবরণ’, ‘গুরুভক্তি’, ‘ধর্মভীরুতা’, ‘নিঃস্বার্থ পরোপকার’ ইত্যাদি।
গ্রন্থের প্রথম ভাগে প্রধানত পারিবারিক ও সামাজিক সম্পর্কের মধ্য দিয়ে মানুষের চারিত্রিক মহত্ত্ব প্রকাশ পেয়েছে। প্রত্যুপকার, মাতৃভক্তি, পিতৃভক্তি, ভ্রাতৃস্নেহ, গুরুভক্তি, অপত্যস্নেহ, আতিথেয়তা, নিঃস্বার্থ পরোপকার, ন্যায়পরায়ণতা ও লোভসংবরণের মতো বিষয় এখানে বিশেষ গুরুত্ব পেয়েছে। ব্যক্তির কর্তব্যনিষ্ঠা, আত্মত্যাগ, পারিবারিক বন্ধন এবং অন্যের প্রতি দায়িত্বশীলতার বিভিন্ন দৃষ্টান্তের মাধ্যমে পাঠককে নৈতিক জীবনযাপনে উদ্বুদ্ধ করা হয়েছে।
দ্বিতীয় ভাগে মানবিকতা ও সামাজিক আচরণের আরও বিস্তৃত পরিসর লক্ষ করা যায়। দয়া ও দানশীলতা, যথার্থ পরোপকারিতা, মাতৃভক্তি, আতিথেয়তা, সৌজন্য, শিষ্টাচার, কৃতজ্ঞতা, উদারচিত্ততা, ন্যায়পরতা, ধর্মশীলতা এবং দোষস্বীকারের মতো বিষয় বিভিন্ন আখ্যানের মাধ্যমে উপস্থাপিত হয়েছে। পাশাপাশি কৃতঘ্নতা, শঠতা ও দুরভিসন্ধির পরিণতিও তুলে ধরা হয়েছে। ফলে গ্রন্থটি কেবল সদ্গুণের প্রশস্তি করে না; অসৎ আচরণের নেতিবাচক পরিণতি সম্পর্কেও পাঠককে সচেতন করে।
তৃতীয় ভাগে বদান্যতা, আতিথেয়তা, দয়াশীলতা, পতিপরায়ণতা, সৌভ্রাত্র, মহানুভবতা, অকুতোভয়তা ও ন্যায়বোধের মতো বিষয় স্থান পেয়েছে। এর পাশাপাশি দস্যুতা, নৃশংসতা, বৈরসাধন ও চাতুরীর অপপ্রয়োগের মতো নেতিবাচক প্রবণতাও বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। ফলে মানুষের মহৎ ও নিকৃষ্ট—উভয় ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য এবং সেগুলোর পরিণতি সম্পর্কে একটি তুলনামূলক ধারণা পাওয়া যায়।
‘আখ্যানমঞ্জরী’র অন্যতম বৈশিষ্ট্য এর সহজ, সরল ও শিক্ষামূলক বর্ণনাভঙ্গি। বিদ্যাসাগর জটিল নৈতিক তত্ত্ব বা বিমূর্ত উপদেশের পরিবর্তে বাস্তবধর্মী ঘটনা ও চরিত্রের আচরণের মাধ্যমে জীবনবোধের শিক্ষা দিয়েছেন। প্রতিটি আখ্যানের ঘটনা, সংঘাত ও পরিণতি পাঠককে কোনো না কোনো মানবিক গুণের গুরুত্ব উপলব্ধি করতে সাহায্য করে। আখ্যানগুলোর বিষয়বৈচিত্র্যও লক্ষণীয়—কোথাও পারিবারিক সম্পর্ক, কোথাও সামাজিক দায়িত্ব, কোথাও বিপদে অন্যের পাশে দাঁড়ানো, আবার কোথাও ন্যায়বিচার ও আত্মমর্যাদার প্রশ্ন মুখ্য হয়ে উঠেছে।
গ্রন্থটির আরেকটি তাৎপর্য বাংলা গদ্যের বিকাশের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত। ঊনবিংশ শতকের বাংলা গদ্যকে সহজবোধ্য, প্রাঞ্জল ও শিক্ষোপযোগী করে তোলার ক্ষেত্রে বিদ্যাসাগরের বিশেষ অবদান রয়েছে। ‘আখ্যানমঞ্জরী’তে তাঁর সেই ভাষাশৈলীর পরিচয় পাওয়া যায়। বিদেশি আখ্যান ও নৈতিক দৃষ্টান্তকে বাংলা ভাষায় উপস্থাপনের মাধ্যমে তিনি তৎকালীন শিক্ষার্থীদের সামনে বৃহত্তর জগতের মানুষ, সমাজ ও জীবনাচরণের পরিচয় তুলে ধরেছেন।
তবে আধুনিক সাহিত্যবিচারের দৃষ্টিতে গ্রন্থটির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। অধিকাংশ আখ্যানের পরিণতি নির্দিষ্ট নৈতিক শিক্ষা প্রতিষ্ঠার দিকে পরিচালিত হওয়ায় চরিত্রের মনস্তাত্ত্বিক জটিলতা ও ঘটনার বহুমাত্রিক ব্যাখ্যার সুযোগ তুলনামূলকভাবে কম। কিছু ক্ষেত্রে নারীচরিত্রের আদর্শায়নও তৎকালীন সামাজিক মূল্যবোধের সীমার মধ্যে আবদ্ধ। কিন্তু গ্রন্থটির রচনাকাল, শিক্ষামূলক উদ্দেশ্য ও তৎকালীন পাঠকসমাজের প্রয়োজন বিবেচনায় এসব বৈশিষ্ট্যকে ঐতিহাসিক প্রেক্ষাপটে বিচার করা প্রয়োজন।
সব মিলিয়ে, ‘আখ্যানমঞ্জরী’র তিনটি ভাগ সম্মিলিতভাবে নৈতিকতা, মানবিকতা ও চরিত্রগঠনের এক সমৃদ্ধ আখ্যানভান্ডার। দয়া, কৃতজ্ঞতা, পরোপকার, ন্যায়পরতা, আত্মত্যাগ, সৌজন্য ও কর্তব্যনিষ্ঠার মতো মূল্যবোধের পাশাপাশি অসৎ আচরণের পরিণতি সম্পর্কে সচেতনতা তৈরিতেও গ্রন্থটি কার্যকর। বাংলা গদ্যসাহিত্য, শিশুসাহিত্য ও নীতিশিক্ষামূলক আখ্যানের ইতিহাসে বিদ্যাসাগরের এই সংকলন একটি গুরুত্বপূর্ণ সাহিত্যিক নিদর্শন; সময়ের পরিবর্তনেও যার মানবিক শিক্ষার প্রাসঙ্গিকতা অক্ষুণ্ণ রয়েছে।
সব মিলিয়ে আখ্যানমঞ্জরী একটি পরিকল্পিত কিশোরপাঠ্য।
অনুস্মৃতি
বিদ্যাসাগর গ্রন্থাবলীর পুরোনো ও আধুনিক বহু সংস্করণ পাওয়া যায়, কিন্তু সঠিকভাবে বলা দুষ্কর যে কোনটি বিদ্যাসাগর রচিত গ্রন্থাদির মূলানুগ। কোথাও বানান পরিবর্তন করে প্রমিত করা হয়েছে, কোথাও শব্দ ও বাক্যকে পর্যন্ত পরিবর্তন করা হয়েছে।
আখ্যানমঞ্জরী, প্রথম ভাগ; শ্রীকার্ত্তিক চন্দ্র দে, ৬৬ নং কলেজ স্ট্রীট, কলিকাতা থেকে প্রকাশিত ১৩২৪ সংস্করণে প্রকাশক বিজ্ঞাপনে স্বীকার করেছেন— “পূজ্যপাদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সঙ্কলিত আখ্যানমঞ্জরীর প্রথম ভাগ, ১৯২৪ সংবতের সংস্করণ অবলম্বনে এক্ষণে পুনর্মুদ্রিত ও প্রকাশিত হইল। ইহাতে কোনও উপাখ্যান পরিত্যক্ত হয় নাই, তবে ছাত্রগণের বোধসৌকর্য্যার্থে স্থানে স্থানে দুই একটি শব্দের পরিবর্ত্তন করা হইয়াছে মাত্র। ইতি—প্রকাশক।” প্রকাশক স্থানে স্থানে ‘দুই একটি শব্দ’ বললেও বাস্তবে তিনি অনেক শব্দ পরিবর্তন করেছেন। বিদ্যাসাগর মহাশয় যে চরিত্রের বিষয়ে লিখেছেন, ‘করিলেন’ সেখানে তারা পরিবর্তন করে দিলেন ‘করিল’ দিয়ে। আবার ‘বলিলেন’কে ‘কহিলেন’-এ রূপান্তর করলেন। শব্দ পরিবর্তন ও বাক্যগঠন পরিবর্তন রয়েছে প্রচুর। তাই এই সংস্করণ অনুসরণ করার প্রশ্নই আসে না। কেননা, আমাদের নীতি ও রীতি হল—‘লেখকের জীবদ্দশায় প্রকাশিত সংস্করণকে হুবহু অনুসরণ করা, এমনকি একটি দাড়ি কমা পর্যন্ত।
নিচে উল্লেখিত দুটি সংস্করণে আমরা বিদ্যাসাগরের মূলপাঠের অধিক নিকটবর্তী বিবেচনা করেছি।
বিদ্যাসাগর-স্মৃতি-সংরক্ষণ-সমিতির পক্ষে শ্রীসুনীতিকুমার চট্টোপাধ্যায়, শ্রীবজেন্দ্রনাথ বন্দ্যোপায়, শ্রীসজনীকান্ত দাস কর্তৃক সম্পাদিত, শরিরঞ্জন প্রেস, ২৫|২ মোহনবাগান রো, কলিকাতা হতে শ্রীপ্রবোধ নান কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত, চৈত্র ১৩৪৬ সংস্করণ।
বিদ্যাসাগর রচনাসংগ্রহ, প্রথম খণ্ড॥ শিক্ষা; সম্পাদকমণ্ডলী— সভাপতি—শ্রীসত্যেন্দ্রনাথ সেন, প্রধান সম্পাদক— শ্রীগোপাল হালদার, সদস্য— শ্রীযতীন্দ্রচন্দ্র সেনগুপ্ত, শ্রীমণীন্দ্র রায়, শ্রীঅশোক ঘোষ, শ্রীদীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগর স্মারক জাতীয় সমিতি। প্রথম প্রকাশ— ৩০শে মে ১৯৬২, ১৬ই জ্যৈষ্ঠ ১৩৬৯। দ্বিতীয় মুদ্রণ ১৮ই ডিসেম্বর ১৯৭২, ৩রা পৌষ ১৩৭৯। প্রকাশক— শ্রীমুক্তিপদ রায়, সাক্ষরতা প্রকাশন, পশ্চিমবঙ্গ নিরক্ষতা দূরীকরণ সমিতি, কলিকাতা-১২। মুদ্রক—শ্রীমদন সিংহ, ইণ্ডিয়ান ন্যাশনাল আর্ট প্রেস, ১৭৩ রমেশ দত্ত স্ট্রীট, কলিকাতা-৬।
বিজ্ঞাপন
আখ্যানমঞ্জরী পুস্তকবিশেষের অনুবাদ নহে, কতিপয় ইঙ্গরেজী পুস্তক অবলম্বনপূর্ব্বক সঙ্কলিত হইল। যদি আখ্যানগুলি বালকদিগের ভাষাজ্ঞান ও আনুষঙ্গিক নীতিজ্ঞান বিষয়ে কিঞ্চিৎ অংশেও ফলোপধায়ক হয়, তাহা হইলে শ্রম সফল বোধ করি।
কলিকাতা
সংবৎ ১৯২০ | ১লা অগ্রহায়ণ
শ্রীঈশ্বরচন্দ্রশর্ম্মা