আখ্যানমঞ্জরী

প্রথম ভাগ

বিজ্ঞাপন

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

চারি বৎসর হইল, আখ্যানমঞ্জরী প্রচারিত হইয়াছে। কিছু দিন পূর্ব্বে, কলিকাতাস্থ কোনও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই অভিপ্রায় ব্যক্ত করেন, আখ্যানমঞ্জরী যেরূপ ভাষায় লিখিত হইয়াছে, তদপেক্ষা সরল ভাষায় পুস্তকান্তর প্রস্তুত হইলে, অল্পবয়স্ক বালকদিগের অনেক উপকার দর্শে। তদনুসারে, সরল ভাষায় কতকগুলি আখ্যানের সঙ্কলন এবং পূর্ব্বপ্রচারিত পুস্তক হইতে কতিপয় আখ্যানের উদ্ধরণপূর্ব্বক, আখ্যানমঞ্জরী প্রথম ভাগ নামে এই পুস্তক প্রচারিত হইল। যে উদ্দেশ্যে আখ্যানমঞ্জরীর প্রথম ভাগ সঙ্কলিত হইল, যদি শিক্ষক মহাশয়দিগের বিবেচনায়, তাহা সম্পন্ন হইয়া থাকে, তাহা হইলে শ্রম সফল জ্ঞান করিব। অতঃপর, পূর্ব্বপ্রচারিত পুস্তক আখ্যানমঞ্জরীর দ্বিতীয় ভাগ বলিয়া পরিগণিত হইবে।

বর্দ্ধমান
১লা ফাল্গুন | সংবৎ ১৯২৪

শ্রীঈশ্বরচন্দ্র শর্ম্মা