পারী নগরে, মিজিঅঁ নামে এক ব্যক্তি ছিলেন। তিনি সামান্য ব্যবসায় দ্বারা জীবিকানির্ব্বাহ করিতেন। কিছুদিন পরে, বিস্তর ক্ষতি হওয়াতে, তাঁহার ব্যবসায় রহিত হইয়া গেল। তিনি অতিশয় কষ্টে পড়িলেন। লা ব্লন্দ নামে তাঁহার এক তরুণী পরিচারিকা ছিল; তাঁহার দুঃসময় ঘটাতে, কেবল সেই তাঁহাকে ছাড়িয়া গেল না, আর সকলে চলিয়া গেল।
কিছুদিন পরে, মিজিঅঁর মৃত্যু হইল। তাঁহার স্ত্রী ও দুই শিশুসন্তান রহিল। কিন্তু তাহাদের ভরণপোষণের কোন উপায় ছিল না। তাহাদের দুরবস্থা দেখিয়া, লা ব্লন্দের অতিশয় দয়া উপস্থিত হইল। সে দাসীবৃত্তি করিয়া, ক্রমে ক্রমে পনর শত ফ্রাঙ্ক[১] সঞ্চয় করিয়াছিল, সমুদয় তাহাদের ভরণপোষণে নিয়োজিত করিল। ইহা ভিন্ন, তাহার কিছু পৈতৃক ভূসম্পত্তি ছিল; তাহা হইতে যে দুই শত ফ্রাঙ্ক উপস্বত্ব পাইত, তাহাও তাহাদের ব্যয়ে নিয়োজিত হইল। এইরূপে, সে, ঐ অনাথ পরিবারের প্রতিপালন করিতে লাগিল। এই দয়াশীলা পরিচারিকাকে নিযুক্ত করিবার নিমিত্ত, অনেকে অভিলাষ করিতেন। কিন্তু, সে এইমাত্র উত্তর দিত, আমি যদি ইহাদিগকে ছাড়িয়া অন্যত্র যাই, কে ইহাদের ভরণপোষণ ও রক্ষণাবেক্ষণ করিবে?
কিছুদিন পরে, মিজিঅঁর পত্নীর উৎকট রোগ জন্মিল। ইতঃপূর্ব্বে লা ব্লন্দ এই নিরুপায় পরিবারের ভরণপোষণে সর্ব্বস্ব সমর্পিত করিয়াছিল; তাহার হস্তে আর কিছুই ছিল না। সে, তাহাদের নিমিত্ত, অবশেষে বসন, ভূষণ প্রভৃতি যাহা কিছু ছিল, সমস্ত বিক্রয় করিল।
যে সকল স্ত্রীলোক, হাঁসপাতালে[২] গিয়া, রোগীদের পরিচর্য্যা করে, তাহারা কিছু কিছু পাইয়া থাকে। লা ব্লন্দ, দিবাভাগে, মিজিঅঁর পত্নীর শুশ্রূষা করিত; এবং তাহাদের ব্যয়নির্ব্বাহের নিমিত্ত, রাজধানীতে (রজনীতে?) হাঁসপাতালে গিয়া, রোগীর পরিচর্য্যায় নিযুক্ত হইত।
১৭৮৭ খ্রীষ্টাব্দের এপ্রিল মাসের শেষভাগে, মিজিঅঁর পত্নীর প্রাণত্যাগ হইল। পারী নগরে, অনাথ বালকবালিকাদিগের ভরণপোষণ ও রক্ষণাবেক্ষণের নিমিত্ত, দীনাশ্রয় নামে স্থান আছে। কেহ কেহ লা ব্লন্দকে এই পরামর্শ দিল, অতঃপর তুমি এই দুটি শিশুকে দীনাশ্রয়ে পাঠাইয়া দাও। সে, এই প্রস্তাব শুনিয়া অতি রোষ ও ঘৃণা প্রদর্শন করিয়া বলিল, আমি ইহাদিগকে কখনও ছাড়িতে পারিব না; ইহাদিগকে আমার বাসস্থানে লইয়া যাইব। আমার যে দুই শত ফ্রাঙ্ক আয় আছে, তদ্দ্বারা আমার নিজের ও ইহাদের ভরণপোষণ অনায়াসে সম্পন্ন হইবে।