আখ্যানমঞ্জরী

প্রথম ভাগ

প্রভুভক্তি

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

পারী নগরে লা জুইনে নামক এক ব্যক্তি ছিলেন। রাজদণ্ডে প্রাণবধের আদেশ হওয়াতে, তিনি তথা হইতে পলায়ন করিলেন; এবং রেন্ নামক স্থানে তাঁহাদের যে বসতিবাটী ছিল, তথায় উপস্থিত হইলেন। তৎকালে সেই বাটীতে এক পরিচারিকা ব্যতিরিক্ত আর কেহ ছিল না। তিনি, কি অবস্থায় সেখানে উপস্থিত হইয়াছেন, আপাততঃ পরিচারিকার নিকট তাহা ব্যক্ত করিলেন না।

কতিপয় দিনের পর, লা জুইনে সংবাদপত্রে দেখিলেন, রাজপুরুষেরা এই ঘোষণা করিয়া দিয়াছেন, যাহারা রাজদণ্ডগ্রস্ত ব্যক্তিদিগকে আশ্রয় দিবে, কিংবা যে সকল পরিচারক অথবা পরিচারিকা তাদৃশ ব্যক্তিদের গোপন করিবে, তাহাদের প্রাণদণ্ড হইবে। তখন তিনি ক্ষণমাত্র বিলম্ব না করিয়া, পরিচারিকাকে বলিলেন, দেখ, রাজদণ্ডে আমার প্রাণবধের আদেশ হইয়াছে; সেজন্য আমি পারী হইতে পলাইয়া আসিয়া এখানে লুকাইয়া আছি। আজ সংবাদপত্রে দেখিলাম, যদি কোনও পরিচারক বা পরিচারিকা রাজদণ্ডগ্রস্ত প্রভুর গোপন করে, তাহার প্রাণদণ্ড হইবে। অতএব তুমি অবিলম্বে এ স্থান হইতে প্রস্থান কর। এখানে থাকিলে তোমার প্রাণদণ্ড হইবে।

এই কথা শুনিয়া, পরিচারিকা বলিল, মহাশয়, আমি বহুকাল আপনার আশ্রয়ে আছি, এবং আপনার অন্নে প্রতিপালিত হইয়াছি। এক্ষণে বিপদের সময় যদি আমি এখান হইতে চলিয়া যাই, তাহা হইলে আমা অপেক্ষা কৃতঘ্ন আর কেহই হইতে পারে না। এ অবস্থায় আমি কখনই আপনার আলয় পরিত্যাগ করিয়া, স্থানান্তরে যাইব না। যদি আপনার নিকট থাকিয়া ও আপনার পরিচর‌য্যা করিয়া, আমার প্রাণদণ্ড হয়, তাহাতে আমি কাতর নহি, বরং শ্লাঘা জ্ঞান করিব; আমি মৃত্যুকে কিছুমাত্র ভয়ানক জ্ঞান করি না। যদি আপনার প্রাণরক্ষা বিষয়ে কিঞ্চিৎ অংশেও সাহায্য করিতে পারি, জন্ম সার্থক জ্ঞান করিব।

পরিচারিকার উক্তি শুনিয়া ও ভক্তি দেখিয়া, লা জুইনে চমৎকৃত হইলেন; এবং বলিলেন, দেখ, আমার উপর তোমার যে এতদূর পর্য্যন্ত স্নেহ, ইহা অবগত হইয়া, আমি কত প্রীত হইলাম, বলিতে পারি না। কিন্তু অকারণে আমি তোমার প্রাণদণ্ড হইতে দিব না; কারণ, তুমি এখানে থাকিয়া, আমার প্রাণরক্ষা বিষয়ে কোনও অংশে কিছুমাত্র সাহায্য করিতে পারিবে না, লাভের মধ্যে তোমারও প্রাণদণ্ড হইবে। অতএব তুমি অবিলম্বে এখান হইতে চলিয়া যাও। আমি এখানে লুকাইয়া আছি, যদি তুমি ইহা কাহারও নিকট ব্যক্ত না কর, তাহা হইলে, আমি যথেষ্ট উপকৃত হইব।

এইরূপে লা জুইনে পরিচারিকাকে অনেক প্রকারে বুঝাইলেন; সে কোনও ক্রমে তাঁহার আলয় হইতে চলিয়া যাইতে সম্মত হইল না। তিনি অনেক বিনয় করিয়া বলিলেন, তথাপি সে সম্মত হইল না; তিনি যৎপরোনাস্তি বিরক্তি প্রকাশ করিয়া অতিশয় ভর্ৎসনা করিলেন, তথাপি সে সম্মত হইল না। অবশেষে তিনি সাতিশয় কুপিত হইয়া বলিলেন, আমি তোমার প্রভু, তোমায় আদেশ করিতেছি, অবিলম্বে আমার আলয় হইতে চলিয়া যাও। তখন সে, অশ্রুপূর্ণ লোচনে কাতর বচনে বলিল, আপনি ক্ষমা করুন, প্রাণ থাকিতে আমি এমন সময়ে আপনকার আলয় হইতে চলিয়া যাইতে পারিব না। আমি বহুকাল আপনার পরিচর্য্যা করিয়াছি; এক্ষণে আপনার নিকট থাকিতে দেন।

পরিচারিকার ভাব দর্শনে ও প্রার্থনা শ্রবণে, তিনি নিরতিশয় প্রীতি প্রাপ্ত হইলেন; এবং অগত্যা তাহার প্রার্থিত বিষয়ে সম্মতি প্রদান করিলেন। এ দিকে, তাঁহার পলায়নের সংবাদ প্রচারিত হইবামাত্র, রাজপুরুষেরা সবিশেষ চেষ্টা ও যত্ন সহকারে তাঁহার অনুসন্ধানে প্রবৃত্ত হইয়াছিলেন; কিন্তু সেই প্রভুভক্তিপরায়ণা পরিচারিকা, সকল বিষয়ে এরূপ বুদ্ধিকৌশল প্রদর্শিত করিতে লাগিল যে, তিনি কোথায় লুকাইয়া আছেন, তাঁহারা তাহার কিছুমাত্র অনুধাবন করিতে পারিলেন না। অবশেষে বিপক্ষপক্ষ অপদস্থ হওয়াতে, লা জুইনে প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন।