এক ব্যক্তি, অশ্বে আরোহণ করিয়া, ইংলণ্ডের অন্তঃপাতী রেডিঙ্ নগরের নিকট দিয়া, গমন করিতেছিলেন। তিনি দেখিতে পাইলেন, একটি বালক, পথের ধারে, কর্দ্দমে পতিত হইয়া রহিয়াছে। তাহার মুখ দেখিয়া, স্পষ্ট বোধ হইল, সে অত্যন্ত যাতনাভোগ করিতেছে। অশ্বকে দণ্ডায়মান করিয়া, সে ব্যক্তি কারণ জিজ্ঞাসিলে, বালক বলিল, মহাশয়, পড়িয়া গিয়া, আমার হাত পা ভাঙ্গিয়া গিয়াছে; নড়িতে পারি বা চলিয়া যাই, আমার এমন ক্ষমতা নাই, এজন্য কাদায় পড়িয়া আছি, উঠিতে পারিতেছি না।
অশ্বারোহী ব্যক্তি অতিশয় দয়াশীল। বালকের অবস্থা দেখিয়া, তাঁহার হৃদয়ে বিলক্ষণ দয়ার উদয় হইল। তিনি অশ্ব হইতে অবতীর্ণ হইলেন, বালককে কর্দ্দম হইতে উঠাইয়া, অশ্বের উপর আরোহণ করাইলেন; এবং উহার হস্ত ও অশ্বের মুখরজ্জু ধারণ করিয়া, গমন করিতে লাগিলেন।
কিয়ৎক্ষণ পরে, তিনি রেডিঙ্ নগরে উপস্থিত হইলেন। তাঁহার পরিচিতা এক বৃদ্ধা নারী ঐ নগরে বাস করিতেন। তিনি তাঁহার আলয়ে উপস্থিত হইলেন, এবং বলিলেন, দেখ, যাবৎ এই বালকটি সুস্থ হইতে না পারে, তোমার আলয়ে থাকিবে, ইহার চিকিৎসা ও শুশ্রূষার নিমিত্ত যে ব্যয় হইবে, সে সমস্ত আমি দিব; আর তুমি ইহার জন্য যে পরিশ্রম করিবে, তাহারও সমুচিত পুরস্কার করিব। বৃদ্ধা সম্মত হইলেন। তখন তিনি এক চিকিৎসক আনাইয়া, তাঁহার উপর বালকের চিকিৎসার ভার দিলেন; এবং বৃদ্ধার হস্তে কিছু দিয়া, প্রস্থান করিলেন।
কিছু দিনের মধ্যেই, বালক, চিকিৎসা ও শুশ্রূষার গুণে, সম্পূর্ণ আরোগ্য লাভ করিল; তাহার শরীর সবল, এবং হস্ত পদ কর্ম্মক্ষম হইয়া উঠিল। তখন সে আপন আলয়ে প্রতিগমন করিল; এবং সূত্রধারের ব্যবসায় দ্বারা, জীবিকা নির্ব্বাহ করিতে লাগিল।
এই ঘটনার কতিপয় বৎসর পরে, ঐ অশ্বারোহী ব্যক্তি, একদা রেডিঙ্ নগরের মধ্য দিয়া গমন করিতেছিলেন। এক সেতুর উপরিভাগে উপস্থিত হইলে, অশ্ব কোনও কারণে ভয় পাইয়া, অত্যন্ত চঞ্চল ও উচ্ছৃঙ্খল হইয়া উঠিল, এবং আরোহীর সহিত, নদীতে লম্ফ প্রদান করিল। সে ব্যক্তি সন্তরণ জানিতেন না; সুতরাং তাঁহার জলে মগ্ন হইয়া প্রাণনাশের উপক্রম হইয়া উঠিল। অনেকেই সেতুর উপর দণ্ডায়মান হইয়া সাতিশয় উদ্বিগ্নচিত্তে, এই শোচনীয় ব্যাপার অবলোকন করিতে লাগিলেন; কিন্তু কেহই সাহস করিয়া, তাঁহার উদ্ধারের চেষ্টা করিতে পারিলেন না।
সেই সেতুর অনতিদূরে, এক সূত্রধার কর্ম্ম করিতেছিল। সে, সেতুর উপর জনতা দেখিয়া ও কোলাহল শুনিয়া, কর্ম্মপরিত্যাগ পূর্ব্বক, তথায় উপস্থিত হইল, জলপতিত ব্যক্তিকে দেখিবামাত্র, জলে ঝম্পপ্রদান করিল; এবং অনেক কষ্টে, তাঁহাকে লইয়া তীরে উত্তীর্ণ হইল। এই ব্যাপার নয়নগোচর করিয়া সেতুর উপরিস্থ ব্যক্তিগণ যৎপরোনাস্তি আহ্লাদিত হইলেন; এবং সূত্রধারের ক্ষমতা ও অকুতোভয়তার যথেষ্ট প্রশংসা করিতে লাগিলেন।
এইরূপে প্রাণরক্ষা হওয়াতে, সে ব্যক্তি প্রাণদাতাকে ধন্যবাদ প্রদান করিয়া বলিলেন, ভাই, তুমি আজ আমার যে উপকার করিলে, তজ্জন্য আমি চিরকালের নিমিত্ত, তোমার কেনা হইয়া রহিলাম। এই বলিয়া, তিনি তাঁহাকে পুরস্কার দিতে উদ্যত হইলেন। তখন, সূত্রধর কৃতাঞ্জলি হইয়া বলিল, মহাশয়, আপনি আমায় চিনিতে পারিতেছেন না। কিছু কাল পূর্ব্বে, আমি ভগ্নহস্ত ও ভগ্নপদ হইয়া, কর্দ্দমে পতিত ছিলাম; আপনি, সে সময়ে দয়া করিয়া, আমার প্রাণরক্ষা করিয়াছিলেন। আপনার কৃত উপকার, আমার হৃদয়ে সর্ব্বক্ষণ জাগরূক রহিয়াছে। অধিক কি বলিব, আপনি আমার পিতা। আমি অতি অধম; আমি যে কৃতজ্ঞতা দেখাইবার অবসর পাইলাম, তাহাতেই চরিতার্থ হইয়াছি, ও আশার অতিরিক্ত পুরস্কার পাইয়াছি; আমার অন্য পুরস্কারের প্রয়োজন নাই।
এই বলিয়া, প্রভূত ভক্তিসহকারে প্রণাম করিয়া, সূত্রধর কর্ম্মস্থানে গমন করিল; এবং তিনি, তদীয় সৌজন্য ও সদ্ব্যবহার দর্শনে প্রীত হইয়া, স্বস্থানে প্রস্থান করিলেন।