পারী নগরে এক ব্যক্তি অতি দরিদ্র ছিলেন। তিনি বহু কষ্টে দিনপাত করিতেন। সুইজেৎ নামে এক তরুণী ভ্রাতৃতনয়া ব্যতিরিক্ত, তাঁহার আর কেহই ছিল না। এই ভ্রাতৃকন্যা অতি সুশীলা ও সচ্চরিত্রা ছিল, এবং আপন পিতৃব্যকে অতিশয় ভালবাসিত। নিতান্ত অসঙ্গতিপ্রযুক্ত, পিতৃব্য, ভ্রাতৃতনয়ার ভরণপোষণ করিতে পারিতেন না। সে, এক গৃহস্থের বাটীতে দাসীবৃত্তি করিয়া, জীবিকানির্ব্বাহ করিত; এবং বেতন স্বরূপ যৎকিঞ্চিৎ যাহা পাইত, তদ্দ্বারা পিতৃব্যের আনুকূল্য করিত।
কিছুদিন পরে, ঐ কন্যার বিবাহের সম্বন্ধ স্থির ও দিন নির্দ্ধারিত হইল। সমুদয় আয়োজন হইতেছে, দুই তিন দিবসের মধ্যে বিবাহ হইবে; এমন সময়ে, সহসা তদীয় পিতৃব্যের মৃত্যু হইল। তাঁহার এমন সঙ্গতি ছিল না যে, অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যয়নির্ব্বাহ হয়। তখন সুইজেৎ বরকে বলিল, দেখ, আমার পিতৃব্যের মৃত্যু হইয়াছে; তাঁহার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হইবার কোনও উপায় নাই। আমি বৈবাহিক পরিচ্ছদ কিনিবার নিমিত্ত যে সঞ্চয় করিয়া রাখিয়াছি, তাহা ভিন্ন আমার হস্তে এক কপর্দ্দকও নাই। এক্ষণে তাহা দ্বারা তাঁহার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করি; পরে, পুনরায় সঞ্চয় করিয়া, পরিচ্ছদ কিনিব। আপাততঃ কিছুদিনের নিমিত্ত, আমাদের বিবাহ স্থগিত থাকুক।
সুইজেৎ যে বাটীতে কর্ম্ম করিত, ঐ বাটীর কর্ত্রী, তাহার প্রস্তাব শুনিয়া, উপহাস করিতে লাগিলেন; এবং বলিলেন, তোমার পিতৃব্যের অন্ত্যেষ্টিক্রিয়া যেরূপে সম্পন্ন হয় হউক, সে অনুরোধে উপস্থিত বিবাহ স্থগিত রাখা কোনও মতেই উচিত নহে। অতএব, আমার পরামর্শ এই, নির্দ্ধারিত দিবসে বিবাহ সম্পন্ন হইয়া যাউক। সুইজেৎ, তাঁহার পরামর্শ শুনিল না; বলিল, যথাবিধানে পিতৃব্যের অন্ত্যেষ্টিক্রিয়া না করিয়া, আমি কদাচ বিবাহ করিব না; যদি করি, তাহা হইলে আমার মত পাপীয়সী আর নাই। আর, যদি এ জন্য আমার বিবাহ না হয়, আমি তাহাতেও দুঃখিত নহি।
এই উপলক্ষে বিলক্ষণ বিবাদ উপস্থিত হইল। গৃহস্বামিনী ও বর, উভয়ে নির্দ্ধারিত দিবসে বিবাহ হওয়া আবশ্যক বলিয়া পীড়াপীড়ি করিতে লাগিল; সুইজেৎ, কোনও মতে সম্মত হইল না। অবশেষে গৃহস্বামিনী কুপিতা হইয়া তাহাকে তাড়াইয়া দিলেন; এবং বরও, আমি আর তোমাকে বিবাহ করিব না বলিয়া, সম্বন্ধ ভাঙ্গিয়া দিল। সুইজেৎ তাহাতে কিছুমাত্র দুঃখিত বা উৎকণ্ঠিত না হইয়া, তৎক্ষণাৎ তথা হইতে প্রস্থান করিল; এবং পিতৃব্যের আলয়ে উপস্থিত হইয়া, অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করিতে লাগিল।
যথাবিধানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করিয়া সুইজেৎ, বিরলে বসিয়া, পিতৃব্যের শোকে বিলাপ ও পরিতাপ করিতেছে, এমন সময়ে, এক সুশ্রী সুবেশ, যুবা পুরুষ সেই স্থানে উপস্থিত হইলেন। ইনি বহুদিন অবধি সুইজেৎকে জানিতেন; তাহার কর্ম্মচ্যুত হওয়ার ও সম্বন্ধ ভাঙ্গিয়া যাওয়ার কারণ অবগত হইয়া, তাহার উপর অতিশয় সন্তুষ্ট হইয়াছিলেন। ইনি বিলক্ষণ সঙ্গতিপন্ন; এ পর্য্যন্ত বিবাহ করেন নাই; এক্ষণে সুইজেতের পাণিগ্রহণ করিবেন স্থির করিয়া, তাহাকে আপন আলয়ে লইয়া যাইবার নিমিত্ত আসিয়াছিলেন।
সুইজেৎ এই ব্যক্তিকে সুশীল, সচ্চরিত্র ও বিলক্ষণ সঙ্গতিপন্ন লোক বলিয়া জানিত। ইহাকে সহসা উপস্থিত দেখিয়া, শোকসংবরণ পূর্ব্বক উঠিয়া দাঁড়াইল। ঐ ব্যক্তি ঈষৎ হাস্য করিয়া, সাদর বচনে বলিলেন, সুইজেৎ, শুনিলাম, তুমি কর্ম্মচ্যুত হইয়াছ; এবং বিবাহের সম্বন্ধও ভাঙ্গিয়া গিয়াছে। যদি তোমার আপত্তি না থাকে, আমি তোমার পাণিগ্রহণে প্রস্তুত আছি। সুইজেৎ শুনিয়া সঙ্কুচিত হইয়া বলিল, মহাশয়, আপনি বড় লোক, আমি অতি দীন; আপনি আমার পাণিগ্রহণ করিবেন, ইহা কখনও সম্ভব নহে, আপনি পরিহাস করিতেছেন; আমার এই শোকের ও দুঃখের সময়, এরূপে পরিহাস করা উচিত নয়।
এই কথা শুনিয়া সেই যুবক বলিলেন, অয়ি সুশীলে, ধর্ম্মপ্রমাণ বলিতেছি, তোমায় পরিহাস করিতেছি না; আমি এত নির্ব্বোধ, অত নিষ্ঠুর, অত অধম নহি যে, তোমার মত গুণবতী মহিলার শোকে ও দুঃখে দুঃখিত না হইয়া, পরিহাস করিব; তুমি এক মুহূর্ত্তের নিমিত্তও সেরূপ ভাবিও না। তুমি জান, আমার বিবাহ হয় নাই। এক্ষণে আমার বিবাহ করা স্থির হইয়াছে। বিবাহ করিতে হইলে, তোমার মত গুণবতী কামিনী কোথায় পাইব?
এই সকল কথা শুনিয়া, সুইজেৎ বলিল, না মহাশয়, আপনি যাহা বলিলেন, ইহা শুনিয়া আর আমি পরিহাস মনে করিতেছি না। আপনি আমার পাণিগ্রহণ করিলে, আমার পক্ষে বিলক্ষণ সৌভাগ্যের বিষয়, সন্দেহ নাই; কিন্তু আপনি সকল লোকের অবজ্ঞাভাজন ও উপহাসাস্পদ হইবেন; এজন্য আমার পাণিগ্রহণ করা আপনকার পক্ষে পরামর্শসিদ্ধ নহে। তখন তিনি হাস্যমুখে বলিলেন, যদি কেবল এই তোমার আপত্তি হয়, সেজন্য ভাবনা করিতে হইবে না। এখন উঠ, আর এখানে কালহরণ করিবার প্রয়োজন নাই; আমার জননী তোমার অপেক্ষায় বসিয়া রহিয়াছেন।
সুইজেতের পিতৃব্য একটি বিড়ালকে অত্যন্ত ভাল বাসিতেন। ঐ বিড়াল মরিয়া গেলে পর, উহার চর্ম্ম লইয়া তিনি বিড়ালের আকৃতি নির্ম্মিত করাইয়াছিলেন। ঐ আকৃতি তাঁহার শয্যার শিখরদেশে স্থাপিত থাকিত। প্রস্থানকালে সুইজেৎ বলিল, দেখুন, আমি পিতৃব্যকে অতিশয় ভাল বাসিতাম; তাঁহার স্মরণার্থে এই আকৃতিটি লইয়া যাইব। এই বলিয়া, ঐ আকৃতি উঠাইতে গিয়া, উহার অসম্ভব ভার দর্শনে, সে চমৎকৃত হইল। তখন সেই যুবক, কৌতূহলাক্রান্ত হইয়া, তাদৃশ ভারের কারণ নির্ণয় করিবার নিমিত্ত, বিড়ালের চর্ম্ম ছিন্ন করিবামাত্র, স্বর্ণমুদ্রার বর্ষণ হইতে লাগিল। সুইজেতের পিতৃব্য অত্যন্ত কৃপণ ছিলেন; আহারাদির ক্লেশ স্বীকার করিয়াও, সহস্র লুইদোর[১] সঞ্চিত করিয়া রাখিয়াছিলেন। এক্ষণে, তাঁহার সঞ্চিত বিত্ত তদীয় সুশীলা ভ্রাতৃতনয়ার নিরুপম গুণের পুরস্কার হইল।
টিকা ও মন্তব্য
- ১.↑লুইদোর—ফরাসিদেশে প্রচলিত স্বর্ণমুদ্রা, মূল্য ১০৲ টাকা।