আখ্যানমঞ্জরী

প্রথম ভাগ

গুরুভক্তি

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

রুশিয়ার রাজমহিষী দ্বিতীয় কাথরিনের অপত্যস্নেহ অতিশয় প্রবল ছিল। কাহারও শিশুসন্তান দেখিলে, তিনি অনির্ব্বচনীয় প্রীতি প্রাপ্ত হইতেন। পরিচারকদিগের শিশুসন্তান সকল সর্ব্বদা তাঁহার নিকটে থাকিত। তিনি, স্নেহ ও যত্নপূর্ব্বক অনাথ বালকবালিকাদিগের লালন ও নিজ ব্যয়ে প্রতিপালন করিতেন। কৰ্ম্মচারীদিগের উপর এই আদেশ ছিল, অনাথ বালকবালিকা দেখিলে, তাঁহার নিকটে আনিয়া দিবে। একদিন পুলিসের লোকেরা, পথিমধ্যে একটী অতি অল্পবয়স্ক শিশু পতিত দেখিয়া, তাহাকে রাজমহিষীর নিকটে আনিয়া দিল। তিনি সবিশেষ স্নেহ ও যত্ন সহকারে, তাহার লালনপালন করিতে লাগিলেন।

এই বালক, রাজমহিষীর নিরতিশয় স্নেহপাত্র হইল। সে পঞ্চমবর্ষীয় হইলে, তিনি তাহাকে বিদ্যালয়ে নিযুক্ত করিয়া দিলেন; এবং যাহাতে সে উত্তমরূপে বিদ্যালাভ করিতে পারে, সে বিষয়ে সবিশেষ যত্ন করিতে লাগিলেন। বালকটী বিলক্ষণ বুদ্ধিমান্ ছিল; সুযোগ পাইয়া, আন্তরিক যত্ন ও সাতিশয় পরিশ্রম সহকারে বিলক্ষণ শিক্ষা করিতে লাগিল। বিশেষতঃ, যে সকল গুণ থাকিলে বালক লোকের প্রিয় ও স্নেহভাজন হইতে পারে, ঐ সুশীল সুবোধ বালক, সেই সকল গুণে অলঙ্কৃত ছিল। ইহা দেখিয়া, রাজমহিষী নিরতিশয় আহ্লাদিত হইতে লাগিলেন। তাহার উপর তদীয় স্নেহ দিন দিন বৃদ্ধি পাইতে লাগিল। ফলতঃ, তিনি তাহাকে আপন গর্ভজাত সন্তানের ন্যায় জ্ঞান করিতেন; এবং সেই বালকও তাঁহাকে আপন জননীর ন্যায় জ্ঞান করিত।

একদিন সে বিদ্যালয় হইতে আসিলে, রাজমহিষী তাহাকে আপনার নিকটে আসিতে বলিলেন। সে উপস্থিত হইল। তিনি অন্য অন্য দিন, তাহাকে যেরূপ হৃষ্ট ও প্রফুল্লবদন দেখিতেন, সেদিন সেরূপ দেখিলেন না। তাহাকে বিষণ্ণ দেখিয়া তিনি ক্রোড়ে বসাইয়া কারণ জিজ্ঞাসিলেন। বালক রোদন করিতে লাগিল। তিনি তাহার নেত্রমার্জ্জন ও মুখচুম্বন করিয়া, সস্নেহবাক্যে বলিলেন, বৎস, তুমি কি জন্য রোদন করিতেছ, বল।

তখন বালক বলিল, জননি, আমি আজ বিদ্যালয়ে যতক্ষণ ছিলাম, কেবল রোদন করিয়াছি। সেখানে গিয়া শুনিলাম, আমাদের শিক্ষক মরিয়াছেন; দেখিলাম, তাঁহার স্ত্রী ও সন্তানেরা রোদন করিতেছেন। সকলে বলিতেছে, তাঁহারা অত্যন্ত দুঃখী; খাওয়া পরা চলে, এমন সঙ্গতি নাই; এবং সাহায্য করে, এমন আত্মীয়ও নাই। এই সকল দেখিয়া শুনিয়া, আমার অত্যন্ত দুঃখ হইয়াছে। মা, তোমায় তাঁহাদের কোনও উপায় করিয়া দিতে হইবে।

বালকের মুখে এই সকল কথা শুনিয়া, রাজমহিষীর অন্তঃকরণে করুণার উদয় হইল। তিনি অবিলম্বে, এক পরিচারককে ডাকাইয়া, এ বিষয়ে অনুসন্ধান করিতে পাঠাইয়া দিলেন; এবং সেই বালকের মুখচুম্বন করিয়া বলিলেন, বৎস, অল্প বয়সে তোমার যে এরূপ বুদ্ধি ও বিবেচনা হইয়াছে, ইহাতে আমি কি পর্য্যন্ত প্রীত হইলাম, বলিতে পারি না। যাহাতে তোমার শিক্ষকের পরিবার ক্লেশ না পায়, তাহা আমি অবশ্য করিব; তুমি সেজন্য উদ্বিগ্ন হইও না।

কিয়ৎক্ষণ পরে, প্রেরিত পরিচারক প্রত্যাগমন করিল; এবং শিক্ষকের মৃত্যু ও তদীয় পরিবারের অনুপায় বিষয়ে বালক যাহা বলিয়াছিল, সে সমুদয় সম্পূর্ণ সত্য বলিয়া, রাজমহিষীর নিকট জানাইল। তখন তিনি, বালক দ্বারা, শিক্ষকের পত্নীর নিকট, আপাততঃ তিন শত রূবল[১] পাঠাইলেন; এবং যাহাতে সেই নিরুপায় পরিবারের ভদ্ররূপে ভরণপোষণ চলে, এবং শিশুসন্তানদিগের উত্তমরূপ বিদ্যাশিক্ষা হয়, তাহার অবিচলিত ব্যবস্থা করিয়া দিলেন।

টিকা ও মন্তব্য

  1. ১.↑
    রুশিয়াদেশে প্রচলিত রৌপ্যমুদ্রা, মূল্য ১৷৵৹। (এই মূল্যমান বিদ্যাসাগর যুগের, বর্তমানে এক রুবল প্রায় ১.৫১ টাকা, এবং মুদ্রার মূল্য প্রায়শঃ পরিবর্তনশীল—সম্পাদক)।