পিতৃবৎসলতা

আখ্যানমঞ্জরী

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

য়ুরোপের যে সকল ভদ্রসন্তান সৈন্যসংক্রান্ত কর্ম্মে নিযুক্ত হয়, তাহারা প্রথমতঃ কিছু দিন যুদ্ধকার্য্যের উপযোগী বিষয়ে শিক্ষা পাইয়া থাকে। এই শিক্ষা দিবার নিমিত্ত স্থানে স্থানে বিদ্যালয় প্রতিষ্ঠিত আছে। যাহারা ঐ সকল বিদ্যালয়ে প্রবিষ্ট হয়, তাহাদিগকে আহার, পরিচ্ছদ প্রভৃতি সমস্ত বিষয়ে, তত্রত্য নিয়মাবলীর অনুবর্ত্তী হইয়া চলিতে হয়; যাহারা অন্যথাচরণ করে, তাহারা বিদ্যালয় হইতে বহিষ্কৃত হইয়া থাকে।

ইংলণ্ডের এইরূপ কোনও বিদ্যালয়ে একটি বালক নিযুক্ত হইয়াছিল। সে সুবোধ, সাবধান, সচ্চরিত্র ও কর্ত্তব্য বিষয়ে সম্যক্‌ অবহিত লক্ষিত হওয়াতে, তথাকার অধ্যক্ষ তাহাকে অত্যন্ত ভাল বাসিতেন। বিদ্যালয়ের নিয়ম অনুসারে, যখন সকল বালক আহার করিত, সেই বালকও তাহাদের সঙ্গে আহার করিতে বসিত। আহারের সময়, অন্য অন্য বালকেরা গল্প ও আমোদ করিত; কিন্তু সে সেরূপ করিত না। সে, প্রথমে সূপপান[১] করিয়া, রুটি ও জল খাইয়া উদরপুর্ত্তি করিত; মাংস প্রভৃতি যে সমস্ত উপাদেয় বস্তু প্রস্তুত হইত, তাহা স্পর্শও করিত না। ইহা দেখিয়া তাহার সহচরেরা কারণ জিজ্ঞাসা করিলে, সে কোনও উত্তর দিত না, বিষণ্ণবদনে মৌনাবলম্বন করিয়া থাকিত।

ক্রমে ক্রমে এই বিষয় অধ্যক্ষের গোচর হইলে, তিনি তাহাকে বলিলেন, অহে যুবক, তুমি এরূপ আচরণ করিতেছ কেন? তোমায়, আহারবিষয়ে এখানকার নিয়ম অনুসারে চলিতে হইবে; সকলে যেরূপ আহার করে, তোমারও সেইরূপ আহার করা আবশ্যক। এ সাংগ্রামিক বিদ্যালয়। যে বিষয়ে যে নিয়ম বদ্ধ আছে, কোনও অংশে, তাহার কিছু মাত্র ব্যতিক্রম হইতে পারিবে না। অতএব সাবধান করিয়া দিতেছি, অতঃপর তুমি রীতিমত আহার করিবে, কদাচ অন্যথাচরণ করিবে না।

অধ্যক্ষ এইরূপে সাবধান করিয়া দিলেও, সেই যুবক পূর্ব্ববৎ সূপ, রুটি ও জল, এইমাত্র আহার করিতে লাগিল। অধ্যক্ষ শুনিয়া অতিশয় অসন্তুষ্ট হইলেন; এবং তৎক্ষণাৎ তাহাকে নিকটে আনাইয়া ভর্ৎসনা করিয়া বলিলেন, তুমি অন্যান্য সকল বিষয়ে সুবোধ বটে; কিন্তু এ বিষয়ে তোমায় অতিশয় অবাধ্য দেখিতেছি। সেদিন সাবধান করিয়া দিয়াছি, তথাপি তুমি বিদ্যালয়ের নিয়ম লঙ্ঘন করিতেছ। যদি স্বেচ্ছানুসারে চলা তোমার অভিপ্রেত হয়, তাহা হইলে, তোমায় বিদ্যালয় হইতে বহিষ্কৃত হইতে হইবে।

এবম্প্রকার ভয় প্রদর্শন করায়, বালক অত্যন্ত ব্যাকুল ও বিষণ্ণ হইল; এবং কৃতাঞ্জলি হইয়া, অশ্রুপূর্ণ লোচনে, কাতর বচনে বলিল, মহাশয়, আমায় ক্ষমা করুন; আমি ইচ্ছাপূর্ব্বক বিদ্যালয়ের নিয়ম লঙ্ঘন বা আপনার উপদেশে অবহেলা করি নাই। যে কারণে উপাদেয় বস্তু ভক্ষণে বিরত থাকি, তাহা আপনার গোচর করিতেছি। আমার পিতা যারপরনাই নিঃস্ব; অতিকষ্টে আমাদের দিনপাত হয়। যখন বাটীতে ছিলাম, জঘন্য পোড়া রুটি মাত্র খাইতে পাইতাম, তাহাও পর্য্যাপ্ত পরিমাণে নহে, এক দিনও আহার করিয়া পেট ভরিত না। এখানে আমি প্রতিদিন উত্তম সূপ ও উত্তম রুটি পেট ভরিয়া খাইতেছি। এখানে আসিবার পূর্ব্বে, আমি কখনও এরূপ উত্তম ও প্রচুর আহার পাই নাই। আমার পিতা মাতা প্রায় প্রতিদিন, একপ্রকার উপবাসী থাকেন। আহার করিতে বসিলেই, তাঁহাদিগকে মনে পড়ে; তাঁহাদের আহারের কষ্ট মনে করিয়া, উপাদেয় বস্তু ভক্ষণে আমার প্রবৃত্তি হয় না।

সেই সুবোধ বালকের এই সকল কথা শুনিয়া অধ্যক্ষ সাতিশয় চমৎকৃত হইলেন, এবং মনে মনে অত্যন্ত প্রশংসা করিতে লাগিলেন। কিয়ৎক্ষণ পরে তিনি বলিলেন, কেন, তোমার পিতা বহুকাল রাজকর্ম্ম করিয়াছিলেন, তিনি কি পেন্‌শন্[২] পান নাই? বালক বলিল, না মহাশয়, তিনি পেন্‌শন্ পান নাই; পেন্‌শনের প্রত্যাশায়, একবৎসরকাল রাজধানীতে ছিলেন, কৃতকার্য্য হইতে পারেন নাই; অবশেষে অর্থাভাবে আর এখানে থাকিতে না পারিয়া, হতাশ হইয়া, গৃহে প্রতিগমন করিয়াছেন; তিনি পেন্‌শন্ পাইলে, আমাদের এত কষ্ট হইত না।

ইহা শুনিয়া অধ্যক্ষ বলিলেন, আমি অঙ্গীকার করিতেছি, যাহাতে তোমার পিতা পেন্‌শন্ পান, তাহার উপায় করিব। আর, যখন তোমার পিতার এরূপ অবস্থা শুনিতেছি, তখন তিনি আনুষঙ্গিক ব্যয় নির্ব্বাহের নিমিত্ত, সময়ে সময়ে, তোমায় কিছু দিয়া থাকেন, আমার এরূপ বোধ হইতেছে না; সুতরাং, সেজন্য তোমার বিলক্ষণ কষ্ট হয়, সন্দেহ নাই। আপাততঃ, তুমি তিনটি গিনি লও; ইহা দ্বারা নিজ আবশ্যক ব্যয় নির্ব্বাহ করিও; আর যত সত্বর পারি, তোমার পিতার নিকট আগামী ছয় মাসের পেন্‌শন্ পাঠাইয়া দিতেছি।

এই কথা শুনিয়া, বালক আহ্লাদসাগরে মগ্ন হইল; এবং অধ্যক্ষের দত্ত তিনটি গিনিতে অবিচলিতভাবে দৃষ্টিপাত করিয়া রহিল। কিয়ৎক্ষণ পরে বলিল, আপনি আমার পিতার নিকট সত্বর পেন্‌শনের টাকা পাঠাইবেন, বলিলেন; ঐ টাকা কিরূপে পাঠাইবেন? অধ্যক্ষ বলিলেন, তোমায় সে ভাবনা করিতে হইবে না; আমরা অনায়াসে তাঁহার নিকট টাকা পাঠাইতে পারিব। বালক বলিল, না মহাশয়, আমি সে ভাবনা করিতেছি না; আমি আপনার নিকট এই প্রার্থনা করিতেছি, যখন আপনি আমার পিতার নিকট টাকা পাঠাইবেন, ঐ সঙ্গে এই তিনটি গিনিও পাঠাইয়া দিবেন। আমি যতদিন এখানে থাকিব, আমার এক পয়সাও প্রয়োজন হইবে না। কিন্তু এই তিনটি গিনি পাইলে, তাঁহার যথেষ্ট উপকার বোধ হইবে।

অধ্যক্ষ, তদীয় সদ্বিবেচনা ও পিতৃবৎসলতার আতিশয্য দর্শনে, সাতিশয় সন্তুষ্ট হইলেন। অন্তর তিনি, রাজার গোচর করিয়া, তাহার পিতার পেন্‌শনের ব্যবস্থা করিলেন; এবং আগামী ছয় মাসের পেন্‌শন্ ও সেই তিনটি গিনি, তাঁহার নিকট পাঠাইয়া দিলেন।

তদবধি সেই নিঃস্ব পরিবারের, দুঃখের অবস্থা অতিক্রান্ত হইয়া, পুনরায় সুখের অবস্থা উপস্থিত হইল।

টিকা ও মন্তব্য

  1. ১.↑
    মাংসের সুরুয়া; সিদ্ধ মাংসের ক্বাথ। য়ূরোপীয়েরা আহারকালে প্রথমে ঐ সূপ পান করিয়া, অন্যান্য বস্তু আহার করেন।
  2. ২.↑
    পেন্‌শন্—বহুকাল চাকরি করিয়া বার্দ্ধক্য প্রভৃতি কারণে চাকরি হইতে অপসৃত হইলে পুরস্কারস্বরূপ যাবজ্জীবন যে মাসিক বৃত্তি পাওয়া যায়।