ইংলণ্ডদেশীয় ডিউক অব মণ্টেগু অতিশয় দয়ালু ও দীনপ্রতিপালক ছিলেন। তাঁহার এই রীতি ছিল, নিরাশ্রয় ব্যক্তিদিগের দুঃখমোচনের নিমিত্ত সর্ব্বদা প্রচ্ছন্নবেশে ভ্রমণ করিতেন। এক দিন প্রাতঃকালে তিনি ঐ অভিপ্রায়ে এক অনাথমণ্ডলীতে উপস্থিত হইলেন; এবং এক বৃদ্ধা নারীকে সম্মুখে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, এক্ষণে অতিশয় দুঃসময় উপস্থিত; এরূপ সময়ে তুমি কিরূপে দিনপাত কর। যদি আবশ্যক থাকে, বল, আমি তোমার সাহায্য করিতে প্রস্তুত আছি। বৃদ্ধা বলিল, জগদীশ্বরের কৃপায় আমি স্বচ্ছন্দে আছি; আমার কোনও অপ্রতুল নাই। যদি দীন দেখিয়া, দয়া করিয়া, দিতে ইচ্ছা থাকে, ঐ গৃহে এক অনাথা আছে, তাহাকে সাহায্যদান করুন; অনাহারে তাহার প্রাণপ্রয়াণের উপক্রম হইয়াছে।
বৃদ্ধার বাক্য শুনিয়া, ডিউক মহোদয় নির্দ্দিষ্ট গৃহে প্রবিষ্ট হইলেন; এবং সেই অনাথা উপায়বিহীনা নারীকে কিছু দিয়া, পুনরায় বৃদ্ধার নিকটে উপস্থিত হইয়া বলিলেন, যদি তোমার আর কোনও প্রতিবেশীর অপ্রতুল থাকে, বল। তাঁহার, পুনরায় সেই বৃদ্ধার নিকটে উপস্থিত হইবার উদ্দেশ্য এই যে, তাহাকেও কিছু দিবেন। তিনি মনে করিয়াছিলেন, আর কাহারও অপ্রতুল আছে কি না, এই জিজ্ঞাসা করিলে, সে অবশ্য আপন অবস্থা জানাইবে। কিন্তু, বৃদ্ধা বলিল, হাঁ মহাশয়, আমার আর এক প্রতিবেশী আছে; সে অতিশয় দুঃখা ও অতিশয় সৎস্বভাব। ডিউক বলিলেন, অয়ি বৃদ্ধে, আমি এ পর্য্যন্ত তোমার মত নিঃস্পৃহ ও সাধুশীল স্ত্রীলোক দেখি নাই। যদি তুমি বিরক্ত না হও, আমি তোমার নিজের অবস্থা সবিশেষ জানিবার অভিলাষ করি। তখন বৃদ্ধা বলিল, আমি নিতান্ত দুঃখিনী নহি’ আমি কাহারও কিছু ধারি না; তদ্ভিন্ন আমার পনর টাকা সংস্থান আছে।
এই কথা শুনিয়া, ডিউক অতিশয় প্রীত ও চমৎকৃত হইলেন; এবং মনে মনে তাহার নিঃস্পৃহতা ও সাধুশীলতার অশেষবিধ প্রশংসা করিয়া বলিলেন, তোমার যে সংস্থান আছে, যদি আমি তাহার কিছু বৃদ্ধি করিয়া দি, বোধ করি, তাহাতে তোমার আপত্তি হইতে পারে না। বৃদ্ধা বলিল, আপনি যে আজ্ঞা করিতেছেন, তাহাতে আমার সবিশেষ আপত্তি নাই। কিন্তু আপনি যাহা দিতে চাহিতেছেন, তাহা আমার যত আবশ্যক, অনেকের তদপেক্ষা অনেক অধিক আবশ্যক। যদি আমি উহা লই, তাহাদিগকে বঞ্চনা করা হয়; আমার বিবেচনায় এরূপ লওয়া অতি গর্হিত কর্ম্ম।
বৃদ্ধার ঈদৃশী উদারচিত্ততা দেখিয়া, মহানুভব ডিউক মহোদয় যৎপরোনাস্তি প্রীত হইলেন, এবং তৎক্ষণাৎ পাঁচটি স্বর্ণমুদ্রা বহিষ্কৃত করিয়া, তদীয় হস্তে প্রদান পূর্ব্বক বলিলেন, তোমায় অবশ্যই লইতে হইবে; যদি না লও, আমি যারপরনাই ক্ষুব্ধ ও দুঃখিত হইব। বৃদ্ধা, তদীয় দয়ালুতা ও বদান্যতার একশেষ দর্শনে, মোহিত ও চমৎকৃত হইয়া, কিয়ৎক্ষণ স্তব্ধ হইয়া রহিল; অনন্তর অশ্রুপূর্ণ লোচনে ভক্তিপূর্ণ বচনে বলিল, মহাশয়, অধিক আর কি বলিব, আপনি দেবতা, মানুষ নহেন।